বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-ফিকহ বিভাগের তৃতীয় দিনের মত আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিভাগ ও আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আল- ফিকহ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা থেমে থেমে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসেছে। বিভাগটির ৩২ শত নম্বরের মধ্যে ইসলামী আইন ১৪০০ নম্বর এবং সাধারণ আইন ১৮০০ নম্বর পড়ানো হয়। কিন্তু বিভাগের নাম শুধুমাত্র ফিকহ হওয়ার কারণে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হোন বলে তারা অভিযোগ করেন। চাকরির নানা ক্ষেত্রে নামের কারণে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতে হয় বলে তারা জানান। এর আগে ২০০৬ সালে বিভাগের নাম ও মান নিয়ে আন্দোলন করলে মান দেওয়া হলেও কিছু জটিলতার কারণে বিভাগের নাম পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
এবিষয়ে আল-ফিক্হ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মামুন বিল্লাহ বলেন, ‘বিভাগের নাম পরিবর্তন হওয়াটা আমাদের যৌক্তিক দাবি। আমরা ২৬০০ নম্বরের সাধারণ আইন পড়ি। কিন্তু বিভাগের নামের সঙ্গে শুধুমাত্র ফিকহ থাকায় চাকরি ক্ষেত্রে আমাদের বৈষম্যের শিকার হতে হয়। এই দাবি মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে।’
আল-ফিক্হ বিভাগের সভাপতি ড. এ কে এম মুহা. নুরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত। বিভাগের নাম পরিবর্তন একটি প্রক্রিয়াধীন ব্যাপার। আমরা অতি দ্রুত বিষয়টি নিয়ে একাডেমিক কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম