তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের উন্নয়ন এবং জঙ্গিদমনে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে স্মরণ করেছেন। তিনি বলেন, এ দুইটি বিষয়ে উভয় দেশই পারস্পরিক স্বার্থ বজায় রেখে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে যাচ্ছে।
রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যের তিনজন সংসদ সদস্য- জোনাথন অ্যাশওয়ার্থ, ড. রুপা হক ও ডেম রোজি উন্টারটনসহ ১১ সদস্যের ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসানুল হক ইনু বলেন, ‘উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে জঙ্গি-সন্ত্রাস ও সাম্প্রদায়িককে নির্মূল করার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।’
‘দেশের এ অগ্রযাত্রায় যুক্তরাজ্য আমাদের ঘনিষ্ঠ মিত্র’ এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লেবার পার্টি নেতাদের এ সফর ‘বাণিজ্য বৃদ্ধিসহ দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিক উন্মোচনে বড় ভূমিকা রাখবে।’
মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশের পাশে ছিল। তাদের এ সমর্থন ভুলবার নয়। সম্প্রতি যুক্তরাজ্য সরকার বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য দ্বৈত নাগরিকত্ব বহাল রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’
অনুষ্ঠানের আগে সফররত তিন এমপি, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি এবং ক্যানারি হোয়ার্ফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাওয়ার্ড ডবার, সাধারণ সম্পাদক এবং কমিউনিকেশান ওয়ার্কার্স ইউনিয়নের রাজনৈতিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, ক্যামডেনের লন্ডন বারো’র কেবিনেট সদস্য কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর আসমা বেগম এবং চার সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি, লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী শেখ আলীউর রহমান, কাউন্সিলর মো. মুজিবুর রহমান, মো. আব্দুল খালিক এবং ড. শাহ মো. রেজাউল করিম বাংলাদেশে তাদের সপ্তাহব্যাপী সফরের উদ্দেশ্য তুলে ধরেন।
ইত্তেফাক/আনিস মণ্ডল।