যশোরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের চূড়ান্ত তালিকা প্রকাশ

যশোর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারের সম্মানি ভাতাপ্রাপ্ত ৯ রাজাকারসহ ৫৭ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জনের ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তায় নাম রয়েছে। অন্যদিকে নতুন করে অনলাইনে আবেদন করা প্রায় ৮শ’ জনের মধ্যে ৪২ জন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ১২ জানুয়ারি রাতে সদর উপজেলা কার্যালয়ের নোটিশ বোর্ডে এ তালিকা টাঙিয়ে দেয়া হয়। 
 
প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, ১২ জন অভিযুক্তের মধ্যে লাল মুক্তিবার্তা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছেন ৪ জন। এদের মধ্যে ভারতে এবং দেশের মধ্যে কোথাও প্রশিক্ষণ না নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন লেবুতলা এনায়েতপুরের (লালমুক্তি বার্তা নম্বর ০৪০৫০১০০৫৭) আব্দুল মতলেব, বাবার নামের জায়গায় চাচার নাম ব্যবহার করে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সেজেছেন পৌরসভার শংকরপুরের (লালমুক্তি বার্তা নম্বর ০৪০৫০১৯২৮) নজরুল ইসলাম সুফি, দৌলতদিহির খোজারহাটের দালাল আইন মামলার আসামির ড্রাইভার (লালমুক্তি বার্তা নম্বর ০৪০৫০১০৯৬৮) এএসএম আজিজুর রহমান ও দালাল আইন মামলায় অন্তর্ভুক্ত (লালমুক্তি বার্তা নম্বর ০৪০৫০১০৮৩৫) এএফএম আব্দুর রশীদ।
 
এছাড়া ১৯৭ জন অভিযুক্তদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হওয়া ৯ চিহ্নিত রাজাকার ও ৪৪ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হয়েছেন। নয় রাজাকারের মধ্যে রয়েছে হৈবৎপুরের লাউখালির রহিম হাওলাদার (গেজেট নম্বর ৭৯৩), নিশ্চিন্তপুরের খোয়াজ উদ্দীন (গেজেট নম্বর ৭৭০), দৌলতদিহির মোশারফ হোসেন (গেজেট নম্বর ৯৬০), বারান্দীপাড়ার নাছিম আহমেদ (গেজেট নম্বর ৭১৯), লেবুতলার মনোয়ারুল ইসলাম (গেজেট নম্বর ৮০৮), খোজারহাটের সাকাত আলী (গেজেট নম্বর ৯৫০), লেবুতলার সিরাজুল ইসলাম (গেজেট নম্বর ১০২), সমসপুরের ইসলাম গাজী (গেজেট নম্বর ৭৬৯) ও  শ্যামনগরের মোশাররেফ (গেজেট নম্বর ৯৬৫)। 
 
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ জানান, সদর উপজেলার উন্মুক্ত প্রাঙ্গণে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম যশোর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। 
তিনি বলেন, ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা তালিকাদ্বয়ের বাইরে শুধুমাত্র গেজেটভুক্ত বা সরকারি চাকরি গ্রহণের সময় ঘোষণা প্রদানকৃত বা শুধুমাত্র সাময়িক সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদপত্রধারীদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হওয়ার পর এ তালিকা প্রকাশ করা হয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম