গোদাগাড়ীতে চার গরুচোর আটক

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

শনিবার ভোররাতে গোদাগাড়ীতে গরু চুরি করে পালাতে গিয়ে চোর চক্রকে বহনকারী গাড়ি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর পুলিশ চার চোরকে আটক করেছে। আটকরা হচ্ছে চক্রের প্রধান সাইদুর রহমান, উজ্জল, মোকসেদ ও ট্রাক চালক শামীম।

পুলিশ জানায়, উপজেলার শেষ সীমানার পাশে চাঁপাইনবাবগঞ্জের আমনুরার কেন্দুয়া এলাকায় চোরাই গরু বোঝাই একটি ট্রাক উল্টে তিনটি গরু মারা যায়। এরপর ট্রাকের চালকসহ চারজন আহত অবস্থায় গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে। আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর বলেন, গরু বোঝাই ট্রাকটি গোদাগাড়ী থেকে নিয়ামতপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে গোদাগাড়ী থেকেই গরুগুলো চুরি করা হয়।