হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশকে ২০৮ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে এক ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। এতে রেকর্ড বইয়ে নাম উঠলো অধিনায়ক কোহলি নাম।
ভারতের অধিনায়ক হিসেবে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন কোহলি। এর আগে ভারতের অধিনায়ক হিসেবে টানা ১৮ ম্যাচে অপরাজিত ছিলেন সুনীল গাভাস্কার। ফলে গাভাস্কারকে পিছনে ফেলে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এখন কোহলির দখলে। এছাড়া অধিনায়ক হিসেবে কপিল দেব অপরাজিত ছিলেন ১৭ টেস্টে।
টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি কোহলির নেতৃত্বে টানা ছয়টি সিরিজও জিতেছে ভারত। এই অর্জনে ভারতের সাবেক টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেন কোহলি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছিল ধোনির ভারত। আর ২০১৫ সালের আগস্ট থেকে কোহলির নেতৃত্বে টানা ছয়টি সিরিজ জিতে ভারত। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নেয় কোহলির নেতৃত্বাধীন ভারত।
কোহলির নেতৃত্বে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকায় বিশ্বরেকর্ডের তালিকায় পঞ্চমস্থানে নাম উঠেছে ভারতের। টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি দখলে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল ক্যারিবীয়রা। এরপরই আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত টানা ২৬ ম্যাচ অপরাজিত ছিল ইংল্যান্ড। আর ১৯৪৬ থেকে ১৯৫১ সাল পর্যন্ত টানা ২৫ এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ২২ ম্যাচ হারের স্বাদ পায়নি অস্ট্রেলিয়া। ক্রিকবাজ।
ইত্তেফাক/সাব্বির