কুমিল্লায় অনিক হত্যা মামলার প্রধান আসামি জেলহাজতে

সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লায় স্কুলছাত্র মো. সাজ্জাদুল ইসলাম অনিক হত্যা মামলার প্রধান আসামি ইউছুফ ইমামকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।  বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং-৯ এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইউছুফ ইমাম মো. সাজ্জাদুল ইসলাম অনিককে ব্যাট দিয়ে মাথার পেছনে আঘাত করা হয়। প্রথমে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এস.পি আরসি অ্যান্ড নিউরোলজি হাসপাতালে ও পরে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ১০ মার্চ বিকেলে সে মারা যায়। এ ঘটনায় নিহত অনিকের জ্যাঠা মো. নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৩ মার্চ ছয়জনকে এজহার নামীয় ও দুই/তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন। নিহত অনিক নগরীর উত্তরচর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে এবং নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।