দিনাজপুরের ফুলবাড়ি-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুরের মৎস্য খামার মোড় নামক স্থানে সোমবার সকাল ১০টায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ফয়জার রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ফয়জার রহমান পার্র্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ি ইউনিয়নের খিয়ারপাড়া সরকারপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ঘাতক ট্রাকের হেলপার মমিনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে (ঢাকা-মেট্রো-ট-২০-১৪৬১) ট্রাকটি পার্র্বতীপুুর আসার পথে উত্তর-পশ্চিম মৎস খামার (হ্যাচারী) মোড়ে দাঁড়িয়ে যায়। একই সময়ে ২-৩ জন যাত্রী নিয়ে একটি চার্জার ভ্যান দ্রুত গতিতে ট্রাকের পিছনে এসে ধাক্কা খেলে চার্জার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ভ্যান যাত্রী ফয়জার রহমান রাস্তার ওপর ছিটকে পড়লে সেখানেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
পার্র্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/মাহমুুদল ইসলাম