বন্দর নগরী চট্টগ্রামে দিনভর নাচ-গান-কবিতা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে শহরের বাসিন্দারা। গতকাল সকাল থেকে বসন্তকে বরণ করে নিতে বাসন্তী সাজে ঘর থেকে বের হয়ে আসে তরুণ-তরুণীরা। দিনভর নগরীর ডিসি হিল ও শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনে বসন্তকে বরণ করা হয়।
গতকাল সকাল থেকেই বাসন্তী সাজে রঙিন হতে শুরু করে ডিসি হিল। সেখানে হলুদ গাঁদা খোঁপায় গেঁথে বড়দের সাথে ছোট্ট সোনামণিরাও আসতে থাকে। তরুণীদের অনেকে লিলি-চন্দ্রমল্লিকা গেঁথেও উত্সবে যোগ দেয়। সকাল ৯টা বাজতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে ডিসি হিলের নজরুল স্কয়ার।
আবৃত্তিকার জাবেদ হোসেন ও শারমিন মৃত্তিকার উপস্থাপনায় সকাল নয়টায় শুরু হয় বসন্ত উত্সব। রাগ ভৈরবীর পর একক আবৃত্তি পরিবেশন করেন শিমুল নন্দী। তারপর অভ্যুদয় সংগীত অঙ্গনের দলীয় পরিবেশনা। এভাবে চলতে থাকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝে তিন ঘন্টার বিরতির পর বিকেল তিনটায় ডিসি হিল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, সঙ্গীতায়োজন, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা অনুষ্ঠানমালায় বসন্তকে বরণ করে আবৃত্তি সংগঠন বোধন।
এদিকে অশুভ আর অসুন্দরের বিনাশ ঘটিয়ে নতুন পাতা আর নতুন ফুলের মতো নতুন দিন আর সুন্দরের আহবানের মধ্যদিয়ে দিনভর শিল্পকলা একাডেমিতে বসন্ত উত্সব উদযাপন করে প্রমা আবৃত্তি সংগঠন। সকাল ৯ টায় ভায়োলিনিস্ট, চট্টগ্রাম নামে একটি সংগঠনের বেহালা বাদনের মধ্য দিয়ে শুরু হয় উত্সব। এসময় আবৃত্তির মধ্য দিয়ে বসন্তের আবাহন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।
দিনভর একক ও দলীয় সঙ্গীত, বসন্তের গান, আনন্দ আড্ডাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির এই প্রাণের উত্সবকে বরণ করা হয়।
ইত্তেফাক/নূহু