জননন্দিত কথাসাহিত্যিক জাকির তালুকদার গতকাল মেলায় এসেছিলেন। জানালেন, এবার তাঁর দুটি বই প্রকাশ পেয়েছে। গ্রন্থকুটির এনেছে ‘নির্বাচিত প্রবন্ধ’ আর দাঁড়কাক প্রকাশন এনেছে ‘তিনতিড়ি’।
জাকির তালুকদার বাংলা একাডেমির কাছে প্রত্যাশা জানিয়ে বলেন, আগামি বছর থেকে লেখকদের রয়্যালটি দেওয়া হয়েছে কিনা এ মর্মে ছাড়পত্র নিয়ে যেন বই মেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়। অনেক প্রকাশক লেখকদের রয়্যালটির অর্থ নিয়মিত দেন না।
তরুণ লেখকদের লেখা প্রসঙ্গে তিনি বলেন, বাংলা সাহিত্যের সিরিয়াস পাঠক রয়েছে। যারা ভালো লেখক তাদের অনেকেই গত হয়েছেন কিন্তু তাদের বই এখনো বিক্রি হয়।
তরুণদের অভিযোগ, অনেকের বই বিক্রি হয় না—এ প্রসঙ্গে তিনি বলেন, তরুণ বেশ কয়েকজন লেখক উঠে আসছেন তবে অনেকেরই মানুষকে, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গী তা সম্পূর্ণ নয়। এর প্রধান কারণ তাদের প্রস্তুতিতে ফাঁক রয়েছে। বাংলা সাহিত্যের ধারাবাহিক দিকটি তারা ঠিকভাবে আত্মস্থ করতে পারছে না।
তিনি বললেন, বইমেলা ভালো-মন্দ মিশিয়ে। বইয়ের চাইতে মেলায় আনুষ্ঠানিকতা বেশি গুরুত্ব পাচ্ছে। বইয়ের প্রতি আন্তরিকতা কম বলে মনে হয়। তাছাড়া বইমেলাকে ঘিরে সাহিত্যের নামে আগাছা প্রকাশনায় ভরে ওঠে মেলা। এতে তরুণ সাহিত্যিকরা ক্ষতিগ্রস্ত হয়। মৌসুমী লেখকদের চাপে সিরিয়াস লেখকরা অভিমানী হয়ে বইমেলা থেকে দূরে সরে থাকে। তবে আমার কাছে বইমেলা সুখকর। সারাদেশের লেখকরা আসেন। তাদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়।
ইত্তেফাক/নূহু