ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি
শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার
স্টাফ রিপোর্টার, রংপুর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এ.বি.এম আজাদ। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো. খালেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব।
শাহরাস্তিতে তথ্য অফিসের মহিলা সমাবেশ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার মহিলা সমাবেশ হয়। চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আলীগঞ্জের সুপারিন্টেনডেন্ট মো. জয়নাল আবেদীন।
হাটহাজারীতে অবৈধ করাতকলে জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা হাটহাজারীতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা এবং কাঠ ও মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার চারিয়া এবং মনিয়া পুকুর পাড় এলাকার করাতকলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পটুয়াখালীতে সাংবাদিকদের গোলটেবিল বৈঠক
পটুয়াখালী প্রতিনিধি শনিবার পটুয়াখালীতে ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্প উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে। পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে এর আয়োজন করা হয়। ম্যাক্স ফাউন্ডেশন নেদারল্যান্ডের অর্থায়নে সুশিলন প্রকল্পের আয়োজনে দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা প্রতিনিধি নির্মল কুমার রক্ষিতের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্স ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কেএম অহিদুজ্জামান।
কিশোরগঞ্জে জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি জাতীয় পার্টিতে জি এম কাদেরকে স্বপদে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু।
আক্কেলপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, সাধারণ সম্পাদক আতিউর রাব্বী তিয়াস, সহ-সভাপতি সরদার নুরুন্নবী আরিফ প্রমুখ।
মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের ঘর ভস্মীভূত
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর উপজেলায় শনিবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কৃষক মুরশিদ মিয়ার পরিবারের দুইটি ঘর, তিনটি গরু ও তিনটি ছাগল। উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহাদেবপুরে হাতুড় ইউনিয়নের
গ্রাম আদালতে ১৭৫ মামলা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা উপজেলার হাতুড় ইউনিয়নের গ্রাম আদালতে গত এক বছরে ১৭৫টি মামলা হয়েছে। এর মধ্যে শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ১৮টি, প্রাকবিচারে ৩০টি। ৩০টির বেশি মামলার প্যানেলে নারী সদস্য ছিল।
জামালপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটে দুই সহোদরের সাজা
জামালপুর প্রতিনিধি জামালপুর সদর উপজেলায় ইভটিজিং-এর দায়ে দুই যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে পৌর শহরের পলাশগড় এলাকায় এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন। সাজাপ্রাপ্তরা হলো মো. সোহেল রানা ও মো. জুয়েল রানা।
বাঘায় মাদক সেবনের দায়ে আটক আট
বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় মাদক সেবনের আপরাধে শুক্রবার আটজনকে আটক করেছে পুলিশ। রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পাবনার চক কল্যান গ্রামের শরিফ এবং কৌশিক, বাঘার আলাইপুর গ্রামের হাফিজুল ও সাগর, কেশবপুর গ্রামের সিদ্দিক ও কামাল এবং হাবাসপুর গ্রামের উজ্জল হোসেন ও রাহিদুল ইসলাম। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, আটককৃতদের নামে পৃথক দু’টি অভিযোগ দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজনে প্রেরণ করা হয়েছে।
বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা বাগমারায় তক্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। শুক্রবার রাতের কোনো এক সময়ে চোরের দল বিদ্যালয়ের তালা ভেঙ্গে ল্যাপটপ, সাউনটেক ও প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে যায়। শনিবার সকালে প্রধান শিক্ষক আক্কেল আলী বিদ্যালয়ে গিয়ে তালা ভাঙ্গা দেখতে পান। তিনি বাগমারা থানায় চুরির ঘটনায় একটি অভিযোগ দাখিল করেন। ওসি নাছিম আহম্মেদ বলেন, অল্প সময়ের মধ্যে চোরদের আটক করা সম্ভব। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া শুরু করেছে।