ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। সোমবার রাতে বোর্নমাউথকে ২-০ গোলে হারায় সিটিজেনরা।
দলের হয়ে একটি গোল করেন রাহিম স্টারলিং। অপর গোলটি আত্মঘাতী।
এদিন বোর্নমাউথের মাঠ গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে খেলতে যায় সিটি। দলের নতুন ব্রাজিলিয়ান তুর্কি গ্যাব্রিয়েল জিসাস ১৫ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
তবে তার বদলি হিসেবে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো নিজেকে আরেকবার মেলে ধরেন। ২৯ মিনিটে লিড পায় সিটিজেনরা। কর্নার থেকে পাওয়া বলে আলতো পা লাগিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ তারকা স্টারলিং।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সিটি। সুযোগ আসে ৬৯ মিনিটে। জটলা থেকে বল পেয়ে তাতে পা লাগিয়ে দেন আগুয়েরো। রেফারি গোলের বাঁশি বাজান। তবে শেষ মুহূর্তে দেখা যায় প্রতিপক্ষের ডিফেন্ডার ট্রাইরন মিংসের গায়ে লেগেই গোলটি হয়েছে।
বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। ২৫ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে বর্তমানে দুই নম্বরে আছে তারা।
ইত্তেফাক/মাহাদী