গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শনিবার দিনভর অনাথ শিশুরা আনন্দ উল্লাস করেছে। সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ঢাকা বিভাগের ১৩ জেলার ২৯টি সরকারি আশ্রমের সহস্রাধিক অনাথ শিশুকে নিয়ে যাওয়া হয় এ পার্কে। তারা বিনা পয়সায় পার্কটি ঘুরে দেখার সুযোগ পায়। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী ও অনাথ শিশুরা পার্কে উন্মুক্ত পরিবেশে বাঘ, ভল্লুক, হরিণ, সিংহ, ময়ূর, কুমির, হাতিসহ নানা প্রকার প্রাণী দেখে অভিভূত হয়েছে।
টাঙ্গাইল সরকারি শিশু সদনের (বালক) উপ-তত্ত্বাবধায়ক নূরে লাইলা ৫০ অনাথ শিশু-কিশোর নিয়ে এসেছেন। তিনি জানান, সরকার এসব শিশু-কিশোরের দায়িত্ব নিয়েছে। তাদের বাবা ও মায়ের অভাব পূরণ করা না গেলেও তাদের অন্যান্য সবকিছুই সরকার পূরণ করে থাকে। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই সাফারি পার্কে শিশুরা আসতে পেরে খুবই উল্লসিত।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, অনাথ শিশুদের কথা বিবেচনা করেই সরকারি উদ্যোগে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দর্শনের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
গাজীপুর জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম জানান, গত ২৮ ও ২৯ মার্চ গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের ১৩টি জেলার ২৯টি সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের এক হাজারের উপর অনাথ শিশু, কিশোর ও প্রতিবন্ধী অংশগ্রহণ করে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তাবিবুর রহমান জানান, সিদ্ধান্ত মোতাবেক প্রায় এক হাজার অনাথ শিশুর বিনামূল্যে প্রবেশসহ সকল ইভেন্টই বিনামূল্যে দেখার সুযোগ দেওয়া হয়েছে।