চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপ-পরিচালক (উপসচিব) আঞ্জুমান আরা স্বাক্ষরিত একটি পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে উপসচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বলা হয়েছে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে গৃহীত হয়েছে।
উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ( সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩ (খ)-১ ধারা অনুসারে দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবিহিত করা হয়েছে বলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানিয়েছেন।
ইত্তেফাক/জামান