ইত্তেফাক রিপোর্ট
দৈনিক মানবকণ্ঠে অনিয়মিত বেতন-ভাতা, চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে যাওয়াদের ন্যায্য পাওনা পরিশোধ না করা, যখন-তখন ছাঁটাইসহ চলমান সংকটে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গত শুক্রবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, মাসের পর মাস মানবকণ্ঠে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। প্রকাশের পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে বিনা কারণে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কর্মরতদের ছাঁটাই করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে অনেকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন; কিন্তু কেউই তাদের ন্যায্য বকেয়া ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি বুঝে পাননি।
বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, চিরবিদায় নেওয়া কয়েকজনের পরিবার মানবেতর জীবনযাপন করলেও মানবকণ্ঠ কর্তৃপক্ষ তাদের পাওনাও বুঝিয়ে দেয়নি। রেটকার্ডসহ সরকারি সকল সুযোগ-সুবিধা মানবকণ্ঠ পেলেও সাংবাদিক ও সংবাদকর্মীরা তার সুফল পাচ্ছেন না। মালিকপক্ষ তাদেরকে নানা অপকৌশলে বঞ্চিত করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগসহ সম্পৃক্তজনেরা চোখ বুজে রয়েছেন। এই পরিস্থিতিতে মানবকণ্ঠ কর্তৃপক্ষ অন্যায়-অবিচার ও অনিয়ম অব্যাহত রেখেছে।
বিবৃতিতে ডিইউজে নেতারা মানবকণ্ঠে হুটহাট অনৈতিক ছাঁটাই বন্ধ করাসহ চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে যাওয়াদের পাওনা অবিলম্বে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। মানবকণ্ঠে চলমান সংকট ও অনিয়ম বন্ধ করা না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।