বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ পালিত

'বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’- স্লোগানে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও দুর্নীতিমুক্ত সুন্দরবন ব্যবস্থাপনার দাবিতে ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে দিবসটি পালিত হচ্ছে।
 
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন দিবস উপলক্ষে বাগেরহাট প্রেসকাবে থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
 
পরে প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।
 
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো শমসের আলী, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মো. নাসিম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
 
বক্তারা বলেন, সুন্দরবন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবজ। যে কোন মূল্যে আমাদের এই প্রাকৃতিক সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয় এমন যেকোন কর্মকাণ্ড থেকে সরে আসতে সবার প্রতি আহবান জানান বক্তারা।
 
২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক সংগঠন সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি এবং সুন্দরবনের প্রতি দেশ-বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে।
 
ওই সম্মেলন থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেয়া হয়।
 
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনের ঘোষণার পর থেকে ২০০২ সাল থেকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ বন সংলগ্ন জেলা ও উপজেলাগুলোতে দিবসটি পালন করা হয়ে আসছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম