কক্সবাজার প্রতিনিধি
মোটরসাইকেলের তেলের ট্যাংকে ও সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় শুক্রবার সকালে তল্লাশি চালিয়ে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়। আটক মো. নাছির (৩৩) চট্টগ্রামের বাঁশখালীর চানপুর সেন্টারপাড়ার মৃত জালাল আহমদের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতই চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় কক্সবাজার অভিমুখী একটি পালসার মোটরসাইকেল তার নির্দেশে থামান সার্জেন্ট তাইফুর রহমান। পরে মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংক ও সিট কভারের নিচে বিশেষ কায়দায় রাখা পনের হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাইওয়ে ওসি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। বিকালেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন রামু থানার ওসি আবুল মনসুর।