অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও চিকিৎসক মুহাম্মদ হেলাল উদ্দিনের প্রবন্ধ ‘সাফল্যের পথে’। এটি প্রকাশ করেছে ‘ঝিনুক প্রকাশনী’।
গ্রন্থখানি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য অনুপ্রেরণামুলক রচনা বলে জানিয়েছেন লেখক। তিনি বলেন, পুস্তকখানি পাঠ করলে একজন ছাত্র আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হবে যে, ‘আমি জীবনে ভাল কিছু করবই’। বইটিতে বিশ্ব ইতিহাসের কালজয়ী মনীষীদের সফলতার জীবন কাহিনী লিপিবদ্ধ হয়েছে।
লেখকের প্রথম প্রকাশিত এই প্রবন্ধ সম্পর্কে তিনি আরো বলেন, আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো বেশি মনোযোগী করে তুলতে বইটি সাহায্য করবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ‘সাফল্যের পথে’ প্রবন্ধটি সহপাঠ্য হিসেবে গ্রহণ করতে পারে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ‘ঝিনুক প্রকাশনী’র ৫৮৪-৫৮৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন ডা. মুহাম্মদ হেলাল উদ্দিন। ছোটবেলা থেকে লেখালেখি আর সৃজনশীল জগতের সঙ্গে তার প্রেম। বাবা মাস্টার মো. লুৎফুর রহমান, মা ফাতিমা সাদিয়া। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠতম ডা. মুহাম্মদ হেলাল উদ্দিন। ব্যক্তিজীবনে ২০১৫ সালে ডা. জান্নাতুল ফেরদৌস এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডা. মুহাম্মদ হেলাল উদ্দিন।
সৃজনশীল এই চিকিৎসক সম্প্রতি NCDcenter.com নামের একটি বাংলা ভাষায় মেডিকেল বিশ্বকোষ চালু করেন। সাধারণের মধ্যে চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বাড়াতে ও চিকিৎসকদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতেই এই কার্যক্রম। এছাড়া লেখকের রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘বিশ্বময় বাংলা ভাষা’।
ইত্তেফাক/ইএইচএম