জীবননগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জীবননগর থানা পুলিশ উপজেলার আনছারবাড়ীয়া রেলস্টেশনের পার্শ্ববর্তী জঙ্গলের ভেতর থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১০টার দিকে গ্রামবাসীরা ওই জঙ্গলের ভেতর এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, লাশের গলায় আঘাতের চি‎‎হ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে রেখে যায়। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম