জেলার পানছড়ি উপজেলার নাপিতাপাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলিসহ প্রমেশ চাকমা (৩৩) ও সোনামনি চাকমা (৩৫) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে। সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রাতের আধারে সন্দেহজনক এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। রাতভর তল্লাশি চালিয়ে আটক করা হয় এ দুই সন্ত্রাসীকে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুই ধরণের ৫ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একসেট সেনা পোশাক উদ্বার করা হয়।
নিরাপত্তাবাহিনীর সূত্র দাবি করেছে, এরা দুইজনই ইউপিডিএফ এর সক্রিয় কর্মী। এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা আজ মঙ্গলবার সংবাদ মাধ্যম এক বিবৃতিতে জানান, সেনাবাহিনী কর্তৃক পানছড়িতে ইউপিডিএফ-এর দুই কর্মীকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। বিবৃতিতে আটকের সময় ইউপিডিএফ কর্মীদের কাছ থেকে অবৈধ কোন কিছু না পেলেও সেনারা তাদের হাতে দেশীয় তৈরি অস্ত্র (এলজি) গুঁজে দিয়ে চোখ বেঁধে নিয়ে যায়। বিবৃতিতে অবিলম্বে আটক দুই ইউপিডিএফ কর্মীর নিঃশর্ত মুক্তিসহ অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম