পেপ গার্দিওলার ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন বার্নমাউথের মিডফিল্ডার হ্যারি আরটার। তিনি এই সপ্তাহের শেষ দিকেই বাবা হতে চলেছেন। সে জন্য দারুণভাবে তাকে আগাম অভিবাদন জানিয়েছেন গার্দিওলা।
সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নমাউথকে ২-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। খেলা শেষে আরটার এবং তার পরিবারের খোঁজখবর নেন ম্যানসিটি বস গার্দিওলা। একই সঙ্গে তার বান্ধবী এবং জন্ম নিতে যাওয়া সন্তানের সুস্থতা কামনা করেন তিনি।
২০১৫ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেবার আগে ইংল্যান্ডে এসেছিলেন স্প্যানিশ কোচ গার্দিওলা। এ সময় আরটার ও তার বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল তার। খেলার পর তাদের সবার খোঁজ নেন সিটি বস। যা আরটারকে মুগ্ধ করেছে।
তিনি বলেন, ‘গার্দিওলা হচ্ছেন এমন একজন যাকে আমি খুবই শ্রদ্ধা করি। তিনি যখন বার্সেলোনার কোচ ছিলেন তখন আমি দারুণ মনোযোগ দিয়ে ক্লাবটির খেলা দেখতাম। এখন আমি ম্যানচেস্টার সিটির খেলা দেখি। আমার দৃষ্টিতে তিনি বিশ্বের শ্রেষ্ঠ কোচ। অন্যরা তার ধারে কাছে আছে বলে আমি মনে করি না।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির