তরুণ লেখক দেবব্রত ভৌমিক। শৈশবের বেড়ে উঠা ভাষা শহীদ সালাম, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, শহীদ সাংবাদিক সেলিনা পারভিনের স্মৃতি বিজড়িত শহর ফেনীতে। এসএসসির পর ঢাকা শহরের নামী একটি কলেজে ভর্তি হওয়ার সুবাদে ঢাকায় আসা।
ইট-পাথরের এই নির্মম শহরে পরিবারের কেউ স্থায়ীভাবে না থাকায় শুরু হয় সঙ্কট। বাসস্থান, শহুরে নতুন মুখ, নতুন আচরণ, নতুন পোশাক, নতুন পরিবেশে এগিয়ে যায় নিজের জীবনের গল্প। জীবনের পথটা সহজ ছিলো না অন্যান্যদের চেয়ে একটু কঠিন ছিলো। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি তবে সেটা শখের বশেই। এখনো লেখালেখি নিতান্তই শখের বিষয়। কিন্তু এই শখের বিষয়টি এখন পেশা না হলেও কিছুটা নেশা হয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়ার সময় প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক পত্রপত্রিকায় তার কবিতা-গল্প প্রকাশ হতে থাকে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর জাতীয় দৈনিকগুলোতে লিখেছেন নিয়মিত। এইচএসসির পাঠ চুকিয়ে লেখালেখি শুরু করলেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে।
তার প্রথম বই ‘বেনামী’ গত বইমেলায় প্রকাশিত হয়। এই বছর প্রকাশিত হয়েছে দ্বিতীয় বই নাম ‘গল্পটা আমাদের’। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বইটি প্রকাশ করেছে ‘বর্ষাদুপুর’ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আলিফ নূর বিন গিয়াস। এটি পাওয়া যাবে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬০৩-৬০৪ নম্বর স্টলে। নিজের দ্বিতীয় একক বই সম্পর্কে বলেন, ‘জীবনের পরতে পরতে রয়েছে হাজারও গল্প। কিছু গল্প রঙিন, আবার কিছু গল্প বেশ রং বর্ণহীন। তাই কবিতা কিংবা উপন্যাসের চেয়ে জীবনের গল্পগুলো লেখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।’
বয়সে তরুণ লেখক দেবব্রত ভৌমিক পড়াশুনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে।
ইত্তেফাক/আনিস মণ্ডল