রাজধানীর গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে ইউনূস সেন্টার আয়োজিত ৪৮১ তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৬০ জন অংশগ্রহণকারী যোগ দেন। ইউ-টিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রফেসর মুহম্মদ ইউনূস।
এই ডিজাইন ল্যাবে ৬টি নতুন ‘নবীন উদ্যোক্তা’ ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তান।
এসময় নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলো বিশদ উপস্থাপনা করা হয় এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থাপিত প্রতিটি প্রকল্পই স্ব-স্ব দল কর্তৃক অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গ্রামীণের সামাজিক ব্যবসা তহবিলের সঙ্গে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলোও মনিটর করা হবে।
২০১৩ সালের জানুয়ারিতে শুরু হবার ৪৮০তম ল্যাব পর্যন্ত প্রায় ১৩ হাজার প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। এসকল নবীন উদ্যোক্তা প্রকল্পে অনুমোদিত ইক্যুইটি ফান্ডের পরিমাণ প্রকল্প প্রতি ১.০ থেকে ৫.০ লক্ষ টাকা।
প্রফেসর ইউনূস ডিজাইন ল্যাবে যোগদানের জন্য অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান এবং ২৭ মার্চ ২০১৭ তারিখে অনুষ্ঠেয় পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে যোগদান করতে তাদের আমন্ত্রণ জানান।
ইত্তেফাক/সেতু