কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ছোঁড়া পাথরের আঘাতে বাংলাদেশি ৩ স্কুল ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে সেলফি তুলতে গেলে ভারতের শিশুমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।
পাথরের আঘাতে মাথা, কপাল ও চোখে জঘম নিয়ে ওই ৩ ছাত্র কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার উপজেলার ডিগ্রিরচর সীমান্তে ওই ঘটনা ঘটে।
বিএসএফ’র ছোঁড়া পাথরের আঘাতে আহত ওই তিন জন হলো রুবেল মিয়া, আশিকুর রহমান ও সাব্বির রহমান। তিনজনই গেন্দার আলগা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সীমান্ত ঘেঁষা হবিগঞ্জ গ্রামে তাদের বাড়ি।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ১০জনের মতো স্কুল পড়–য়া ছাত্র ডিগ্রিরচর সীমান্ত এলাকা আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৫২ এর কাছে কাঁটা তারের বেড়া ঘেঁষে সেলফি তোলা শুরু করে। এসময় হঠাৎ করেই ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এ অবস্থায় সবাই দৌড়ে চলে আসলেও ওই তিন ছাত্র পাথরের আঘাতে আহত হয়। সংশ্লিষ্ট এলাকার ইউপি মেম্বার শাহজাহান ও পল্লী চিকিৎসক সেলিম মিয়া বিএসএফ’র পাথরের আঘাতে তিন ছাত্র আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হাসান মিয়া জানান, এ ধরণের কোনো তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া কেউ অভিযোগও করেনি।
ইত্তেফাক/সাব্বির