কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উপজেলার ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৫৩/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন ৪৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সতিষ কুমার।
বৈঠক শেষে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম জানান, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধসহ সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা করা হয়। সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে সীমান্ত বিষয়ক যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একমত পোষণ করেন। সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের মিটিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উভয় ব্যাটালিয়ন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পতাক বৈঠকটি শেষ হয়।
ইত্তেফাক/নূহু