উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে গোল উৎসবে মাতলো ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। আর এই উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন দলের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
কাতালানদের ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করার রাতে জোড়া গোল করেছেন তিনি। তবে ইনজুরি ও ফিটনেস সমস্যা এড়াতে ৬১ মিনিটে তার বদলি হিসেবে লুকাস মৌরাকে মাঠে নামান কোচ ইউনাই এমেরি।
বল দখলে এগিয়ে থাকলেও স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে মেসি-নেইমাররা।
ফলে পরের পর্বে যাওযার সুযোগ বার্সার জন্য খুবই কঠিন হয়ে গেল। এর আগে ২০১৩ ও ২০১৫ আসরে বার্সার কাছে হেরে বিদায় নেয় পিএসজি। এবার প্যারিসে সেই প্রতিশোধই যেন নিল তারা।
এদিন ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিকে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান ডি মারিয়া। প্রথমার্ধের পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার। বিরতির পর ১০ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের দর্শনীয় শটে বার্সাকে ম্যাচ থেকেই ছিটকে দেন ডি মারিয়া।
ডি মারিয়া মাঠ থেকে উঠে গেলেও পিএসজি তাণ্ডব চলতেই থাকে। সফরকারীদের জালে ৭১ মিনিটে বল পাঠিয়ে শেষ পেরেক ঠুকেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
ইত্তেফাক/মাহাদী