পাবনার বেড়া উপজেলায় ঢালারচরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিজাম (৪৫) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। নিজাম কখনো নিস্তার ওরফে জাহিদ নামেও পরিচিত ছিলেন।
পুলিশ বলছে, নিজাম ঢালারচরের আলোচিত পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার কাকলিয়া গ্রামের মৃত ইয়াছিন মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে আমিনপুর থানার ঢালারচর পুলিশ ফাঁড়ির একটি টহল দল ঢালারচর ইউনিয়নের দড়িরচর পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও এ সময় পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির পরে সেখানে নিজামকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশসহ একাধিক হত্যা ও অপহরণের ১৩টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে বলে ওসি জানান।
নিজামের স্বজনেরা বলছেন, 'স্ত্রী-সন্তানদের ফেলে গত ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন নিজাম। পরিবারের কারও সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না।'
ইত্তেফাক/জামান