২৬৩ নার্স-কর্মকর্তাকে প্রথম শ্রেণিতে পদায়ন

প্রধানমন্ত্রীর প্রতি বিএনএ’র কৃতজ্ঞতা

বিশেষ প্রতিনিধি

নার্স কর্মকর্তাদের বকেয়া সিলেকশন গ্রেড দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণসহ ২৬৩ জন নার্স কর্মকর্তাদের প্রথম শ্রেণিতে পদায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে ঢামেকের বিএনএ শাখার নেতারা বলেন, বঙ্গবন্ধু নার্সদের পেশাগত ও সামাজিক উন্নয়ন নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক তেমনই নার্সদের পেশাগত ও সামাজিক মর্যাদা উন্নয়নের লক্ষ্যে তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণি পদ মর্যাদা প্রদান করেন। পদ সৃষ্টিসহ ৩৬ বছর বয়স প্রমার্জন করে গত ২০১০ সালে প্রায় ২ হাজার সিনিয়র স্টাফ নার্স, ২০১৩ সালে ৪ হাজার ১শ’ সিনিয়র স্টাফ নার্স, ২০১৬ সালে ইতিহাসের রেকর্ড সংখ্যক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশক্রমে ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স এবং সকল নিয়মনীতি মেনে গত বছর ৫ হাজার ১শ’ সিনিয়র স্টাফ নার্সকে সরকারি চাকরিতে নিয়োগ প্রদান করেন-যা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে। 

বিএনএ ঢামেক শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতি সেবা নিশ্চিত করতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করেন এবং ইতোমধ্যে তাদের বিভিন্ন সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ইউনিয়ন পর্যায়ে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে সেবা পরিদপ্তরকে সেবা অধিদপ্তরে রূপান্তর করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নিজস্ব ভবনের জন্য মহাখালীতে জমি বরাদ্দ ও নিজস্ব সেবা ভবন নির্মাণ, নার্সিং কর্মকর্তাদের দেশে-বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, সম্প্রতি ২৬৩ জন নার্সিং কর্মকর্তাকে প্রথম শ্রেণির পদমর্যাদা প্রদান করেন ও পেশার মান-মর্যাদা বৃদ্ধিতে যুগোপযোগী নিয়োগ বিধি প্রণয়ন করে নার্সিং সেক্টরের জটিলতা নিরসনে সরকার যথেষ্ট ভূমিকা গ্রহণ করে। ইতোমধ্যে নার্স কর্মকর্তাদের বকেয়া সিলেকশন গ্রেড দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তসহ বাস্তবমুখী উদ্যোগ গৃহীত হয়। নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড এবং জাতীয় পে-স্কেল ২০১৫ অনুযায়ী সকল নার্স কর্মকর্তার ১০ বছর সন্তোষজনক চাকরি সাপেক্ষে সকল নার্স কর্মকর্তাকে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে পদায়ন করার দাবি জানান তিনি। এদিকে স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।