কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজের পাশে রামচন্দ্রপুর-চাপিচলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে এসেছে।
এলাকাবাসী জানায়, ওই নারী ভিক্ষা করতে করতে পায়ে হেটে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে চাপিতলার দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় পেছন থেকে একটি সিএনজি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ব্যাগে চাউল, মরিচ ও ধনিয়ার গুড়া পাওয়া যায়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান