পিরোজপুরের কাউখালী শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে ব্যবসায়ী স্বপন রায়, হেমায়েত হোসেন, জাকির হোসেন এবং বাবু উকিলকে এক হাজার সাতশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিেস্ট্রট লাবণী চাকমা। এসময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর বরিশালের মুখ্য পরিদর্শক মুহাম্মদ হারুন আর রশীদ।
উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০এর ৫৩নং আইন) সংশোধিত বিধিমালা ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দিয়ে মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম