দীপু হাজরা একজন জনপ্রিয় নাট্য নির্মাতা হলেও গত বছর ‘শোন শোন বাংলাদেশ শোন’ শিরোনামে একটি দেশাত্ববোদক গান নির্মাণ করে ব্যাপক আলোচনায় আসেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার ‘রংধনু’ শিরোনামে একটি রোমান্টিক গানের ভিডিও ধারণ করতে পুরো এউনিট নিয়ে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন।
ইতিমধ্যে পুত্রাজায়া, গেন্তিং হাইল্যান্ড, কেএলসিসি ও কুয়ালালামপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিও ধারণের কাজ শেষ করেছেন। বাকি কাজগুলো লাংকাওই তে শেষ করার কথা রয়েছে বলে জানান দীপু হাজরা।
নাহিদ সোমার কথা, সুর ও কণ্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় ফরিদ আহমেদ, ডিওপির দায়িত্বে রয়েছেন মোস্তাক জাহিদ।
গানটি প্রসঙ্গে নাহিদ সোমা বলেন ‘রংধনু’ শিরোনামের গানটি আমার প্রথম গান, তো বুজতেই পারছেন অনুভুতিটা কেমন? আমার জীবনে এটি একটি নতুন অধ্যায়, নতুন যাত্রা, নতুন মাত্রা। গানটির সুর কথা এবং ভিডিও সব কিছু মিলিয়ে আশা করছি দর্শক শ্রোতাদের ভাল লাগবে।’
এক্ষেত্রে দীপু হাজরা বলেন, আমি গান নির্মাণ করতে চাইনা, কারণ একটি গান নির্মাণ করতে যে পরিমাণ আয়োজন করতে হয় তা আমরা করতে পারি না, তবে এই গানটির ভিডিও ভাবনায় একটি ভাল গল্প রয়েছে। তার প্রয়োজনেই মূলত গানটির শুটিং করতে মালয়েশিয়ায় আসা। আশা করি দর্শকদের ভালো লাগবে।
আসছে বৈশাখে গানটি টেলিভিশন ও অনলাইন এ প্রচারের কথা রয়েছে।
ইত্তেফাক/উজ্জল