২০১৯ সালের সাধারণ নির্বাচনে ভোটাধিকার রক্ষায় আইন হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের নির্বাচনী আইনের গুণগত সংস্কার করা হবে।’
 
বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় সকল প্রকার সংস্কার, গুণগত পরিবর্তন এবং আইনগত পদক্ষেপ নেয়া হবে।
 
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।
 
প্রধানমন্ত্রী নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সুচিন্তিত সিদ্ধান্তের প্রতি তাঁর অবিচল আস্থা ব্যক্ত করে বলেন, নতুন কমিশন সর্বোচ্চ স্বাধীন ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, তাঁর সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
 

ইত্তেফাক/মণ্ডল