আজ থেকে অভিযান, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা :পূর্তমন্ত্রী

অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে বা অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে আজ রবিবার থেকে অভিযানে নামবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল শনিবার গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের পর একথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা ভবনগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল ভবনে অগ্নিনির্বাপণের সকল ব্যবস্থা নেই, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনে সেগুলো ভেঙে ফেলা হবে অথবা মালিক পক্ষকে ইমারত নির্মাণের সকল বিধি-বিধান সংযুক্ত করার পরে কার্যক্রম চালাতে দেওয়া হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ, যিনিই জড়িত হন, মালিক হন, ডেভেলপার হন, এমনকি রাজউকের কর্মকর্তা-কর্মচারী হন, তাদের আইনের আওতায় আনা হবে’।

মন্ত্রী আরো বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় যেই দায়ী থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অপরিকল্পিত সকল ভবন চিহ্নিত করা হবে। বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষার জন্য আজ রবিবার থেকে ১৫ দিনের অভিযান শুরু হবে’।

মন্ত্রী বলেন, ‘ডিএনসিসির এ মার্কেটে বিদ্যুত্ ব্যবস্থা সহনীয় নয়। রাজধানীতে যেসব ভবন তৈরি হয়েছে তা একদিনে তৈরি হয়নি। তাই অবৈধ ভবন উচ্ছেদ করতে কিছুটা সময় লাগবে।  আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।’

এদিকে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, রাজধানীর অগ্নি ঝুঁকিপূর্ণ শপিং মল ও মার্কেটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কী কী করতে হবে এত দিন আমরা সে সুপারিশ করেছি। এখন আমরা আইনি প্রক্রিয়ায় যাব। প্রয়োজনে মার্কেটের সামনে ব্যানার ঝুলিয়ে দেব- ‘এই মার্কেটটি অগ্নি নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ’।

তিনি আরো বলেন, এই মার্কেটে দুই বছর তিন মাস আগে আগুন লেগেছিল (২০১৭ সালের ৩ জানুয়ারি)। এরপরে আমরা কিছু সুপারিশ দিয়েছিলাম। আমরা এই মার্কেটকে অতি অগ্নি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিলাম এবং ভাঙার সুপারিশ করেছিলাম। ফায়ার সার্ভিসের সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি। মার্কেট কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে রিট করে। এখন এটা আদালতের বিষয়।