২০১৭ থেকে ২০১৯। এ দুই বছরে চার ভাইয়ের স্বপ্ন ভেঙেছে দুবার। গুলশান ডিএনসিসি মার্কেটে তাদের ছয়টি দোকান আছে। ২০১৭ সালের আগুনে এসব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা নতুন করে শুরু করে। ব্যবসা গুছিয়ে আনার কিছুদিনের মধ্যে আবার আগুন। গতকাল আগুনে ডিএনসিসি মার্কেটে তাদের দোকান পুড়ে যাবার পর চার ভাইয়ের একজন মোহাম্মদ ইউসুফ কান্নাকাটি করছিলেন। গতবারের আগুনের পর দোকান পুনরায় চালু করতে পারলেও এবার তাদের সে সুযোগটি নেই। কারণ নিজেদের যে অর্থ ছিল সেগুলো আগেই খরচ করে ফেলেছেন তারা।
ইউসুফ জানালেন, ছয়টি দোকানের একটির মালিক তারা। বাকি পাঁচটি দোকান তারা ভাড়ায় চালান। ২০০৭ সালের আগুনে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে তাদের। এবার প্রায় এক কোটি টাকার মালামাল পুড়েছে বলে জানান মোহাম্মদ ইউসুফ। সকালে মার্কেটে আগুন লাগলে একজনের ফোন পেয়ে অন্য ভাইদের সঙ্গে ইউসুফও সেখানে যান। কিন্তু গিয়ে দেখেন সব শেষ।