বাগেরহাটের শরণখোলা উপজেলায় তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুই বাড়ির গৃহবধূকে চেতনা নাশক খাইয়ে এবং এক বাড়িতে সিঁদ কেটে স্বর্ণালংকার চুরি হয়েছে। চেতনানাশকে অসুস্থ হয়ে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
জানা গেছে, উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের মরহুম হাতেম আলী তালুকদারের স্ত্রী ছালেহা বেগম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহ্স্পতিবার ভোরে ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে গুরতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দুর্বৃত্তরা ছালেহা বেগমের গলার ও হাতের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
দুর্বৃত্তরা একইভাবে ঘটনাস্থলের অদূরে আইয়ূব আলী হাওলাদারের ঘরে হানা দিয়ে তার স্ত্রী নূরজাহান বেগমকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। নূরজাহান বেগমকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
অপর দিকে, একই রাতে উপজেলার খাদা গ্রামের ইলিয়াস শরীফের বাড়িতে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল ফোন নিয়ে গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্