সড়ক দুর্ঘটনায় আহত শিল্পী খুরশীদ আলম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমকে উন্নত চিকিত্সার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে খুরশীদ আলমকে নিয়ে এয়ার এম্বুলেন্স রওয়ানা দেয়। ঢাকায় খুরশীদ আলমকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন খুরশীদ আলম ও সহযাত্রীরা। তাদের বহনকারী প্রাইভেটকারটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই প্রইভেটকারের চালক এবং শিল্পীর সহযাত্রী খোকন নামে এক ব্যবসায়ীও আহত হন।