বই মেলায় শিল্পী নাজনীনের গল্পগ্রন্থ 'আদম গন্দম ও অন্যান্য'

 
এ বছর অমর একুশে গ্রন্থমেলা কথাচিত্রী শিল্পী নাজনীন-এর প্রথম গল্পগ্রন্থ  ‘আদম গন্দম ও অন্যান্য’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি  সম্পর্কে বলতে  গিয়ে নতুন প্রজন্মের লেখক শিল্পী নাজনীন বলেন, গ্রন্থটিতে ভিন্ন স্বাদের মোট দশটি গল্প আছে। আমাদের চির চেনা জীবনের অন্তরালে লুকিয়ে থাকা জীবন ও জগৎ, মানুষের অন্তর্লোকের সীমাহীন যাতনা ও দুঃখ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, গল্পগুলিতে ফুটে উঠেছে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে।
 
নিম্ন ও মধ্যবিত্তের প্রাত্যহিক জীবনের চালচিত্র, জীবন সংগ্রাম, লেখক ফুটিয়ে তুলেছেন তার গল্পের ফ্রেমে সহজ ও সাহসী ভাষায়। জীবনকে তৃতীয় চোখে দেখা, মানুষের জীবনের চির চেনা ঘটনাগুলোকে নতুন আঙ্গিকে বিশ্লেষণ পূর্বক মানুষের অন্তর্লোকে আলো ফেলে তুলে এনেছেন সেখানে লুকিয়ে থাকা আনন্দ, বেদনা, দুঃখ, যন্ত্রণা, অন্ধকার ও আলো। গল্পের প্রত্যেকটি চরিত্র আমাদের চেনা, অতি চেনা। কখনও কখনও মনে হয় পাঠকের নিজেরই জীবনের বয়ান।
 
প্রেম, বিরহ, প্রাত্যহিক জীবনের সংকটও সংগ্রাম, দেশ, রাজনীতি ইত্যাদি বিষয়গুলো লেখকের গল্পগুলিতে অত্যন্ত বিশ্বাসযোগ্য ভাবে উঠে এসেছে যা পাঠককে আন্দোলিত করবে, নতুন এক অনুভবের জন্ম দেবে। ‘আদম গন্দম ও অন্যান্য’ নামক গল্পটিতে উঠে এসেছে এক গোরখাদকের জীবনের এক নিষ্ঠুর বাস্তবতা। যেখানে বেগু মালের মতো মানুষেরা সারাদিন প্রতীক্ষায় থাকে একটি লাশের। একটি লাশ মানে তাদের সেদিনের পেট পূর্তির নিশ্চয়তা, বেঁচে থাকার খোরাক। বেগু মালের মতো মানুষেরা তাই প্রার্থনা করে অধিক মৃত্যুর, অপেক্ষা করে মড়কের। দিনশেষে যারা ভুখা পেটে সান্ত্বনা খোঁজে চোলাই মদে।
 
গ্রন্থটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন, প্রকাশক খালেদ রাহী, প্রচ্ছদ করেছেন ফারুক মোহাম্মদ। গ্রন্থটির মূল্য ১৮০ টাকা। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি’র লিটল ম্যাগ চত্বরের ৪৪-‘মানুষ’ ও ৬৪-‘দাগ’ স্টলে। লেখকের অন্যান্য গ্রন্থ ‘তোতন তোতন ডাক পাড়ি’(শিশুতোষ গল্প, বইমেলা ২০১৭) পাওয়া যাবে একই স্টলে, ‘ছিন্নডানার ফড়িঙ’(উপন্যাস, বইমেলা ২০১৬) পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বর, ৩২-‘দাঁড়কাক’ এর স্টলে।
 
ইত্তেফাক/রাফাত