বই মেলায় আজহারুল হক ফরাজীর ‘আমার রবীন্দ্রনাথ’

অমর একুশে বইমেলা-২০১৭ প্রকাশিত হয়েছে তরুণ লেখক আজহারুল হক ফরাজীর কিশোর উপযোগী রবীন্দ্রজীবনী ‘আমার রবীন্দ্রনাথ’। 
 
বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৯৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইমেলায় অনিন্দ্য প্রকাশের ৪৫৬-৪৫৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
 
বই সম্পর্কে বলা হয়- বাংলা সাহিত্য শব্দটি উচ্চারিত হলে সবার আগে যে নামটি আসে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গল্প কবিতা পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্যও বটে। না পড়তে চাইলেও পড়তে হয়। কিন্তু পড়তে গিয়ে রবীন্দ্রসাহিত্যেরর প্রেমে পড়েনি এমন লোক পাওয়া দুষ্কর!  যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন স্বর্ণ অক্ষরে রবীন্দ্রনাথের নাম লেখা থাকবে। রবীন্দ্রনাথের লেখার মধ্যে যেমন বৈচিত্র আছে ঠিক তেমনি করে তার জীবনেও ছিল বৈচিত্র! একদম ছোটবেলায় অনেকটা ঘরে বন্দি থাকার মতো একগেয়ে জীবন পার করা রবীন্দ্রনাথ যখন বাহিরের হাওয়া পেতে লাগলেন তখন তিনি যেন সাহিত্য প্রতিভার বিস্ফোরণ ঘটাতে শুরু করলেন। রবীন্দ্রনাথের সারাজীবনটাই এক মহাকাব্য বলা যায়। যার নায়ক এবং কাহিনীকার তিনি নিজে। তার সম্পর্কে যারা গল্পের ঢং এ জানতে চান তাদের জন্য বইটি। কারণ কবির জীবনে নানারকম মজার ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে তার জীবনীগ্রন্থটি। বইটি এমন ভাবে লেখা হয়েছে যাতে শিশু কিশোররাও খুব সহজে বইটি পড়তে পারেন। কিশোর উপযোগী হলেও বইটি পড়তে পারবেন সববয়সী পাঠক।
 
ইত্তেফাক/উজ্জল