দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেসরকারি পরিচালনা প্রতিষ্ঠান পানামা পোর্টের অভ্যন্তরে দ্বিতীয় ওজন পরিমাপক যন্ত্র (ওজন স্টেশন) বৃহস্পতিবার দুপুরে স্থাপন করা হয়েছে।
ওজন পরিমাপক যন্ত্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. আনিছ অহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ফকরুল আমিন চৌধুরী, পানামা পোর্টের নির্বাহী পরিচালক মনজুর রহমান বিশ্বাস প্রমূখ।
পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ওজন পরিমাপক যন্ত্রটি স্থাপন করা হয়েছে। আগের একটি ওজন স্টেশন যন্ত্র থাকার পরও পানামা পোর্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সুবিধার্থে ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ওজন স্টেশন স্থাপন করেছে। এর ফলে আমদানি-রফতানি পণ্যেও পরিমাপের ক্ষেত্রে ব্যবসায়ীদের সময় অপচয় কম হবে এবং স্বল্প সময়ের মধ্যে ট্রাকের পণ্য ওজন করে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতে পারবেন।
ইত্তেফাক/রাফাত