আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি এখন বাকশাল আতঙ্কে আছে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতা: ধর্মনিরপেক্ষতার সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাকশাল একটি দর্শন। সেই দর্শনের কথাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন। কিন্তু বাকশাল পুনঃপ্রতিষ্ঠার কথা কেউ বলেনি। শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও শক্তিশালী করেছেন। বাকশাল প্রতিষ্ঠার কোনো বাস্তবতা এখন আর নেই। অথচ বিএনপি বাকশাল ইস্যু নিয়ে ব্যস্ত আছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ‘সামাজিক ও রাজনৈতিকভাবে জামায়াতের চিন্তা পরিবর্তিত হয়নি। তারা আবার স্বরূপে ফিরে আসতে চাইছে। দুঃখের বিষয় তাদের সঙ্গে আপস করা হচ্ছে।’ জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা গণতন্ত্রের মুখোশ পরা নব্য রাজাকার। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, রাশিয়ার বিপর্যয়ের পর বিশ্ব রাজনীতির ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। সভ্যতার সংকট শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। এর দায় শুধু নির্বাচন কমিশনের নয়, আমাদেরও।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেন, হেফাজতে ইসলামের কাছে সরকারের নতজানু আচরণ দুঃখজনক। পাঠ্যপুস্তকে তারা যেমন চাইছে সরকার তেমন পরিবর্তন আনছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি ফজলে হোসেন বাদশা।
এফআর টাওয়ার মালিককে গ্রেফতার করুন
বিল্ডিং কোড অনুসরণ না করায় রাজধানীর এফআর টাওয়ারের মালিককে গ্রেফতার করার দাবি জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিল্ডিং কোড না মেনে ১৮ তলার জায়গায় ২৩ তলা বানিয়েছে। মালিকও চিহ্নিত হয়েছেন। তার ভেতরে কোনো মমত্ববোধ নেই।