যশোর জেলার অভয়নগরে ১৮ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি সীমানা পিলার ম্যাগনেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় সংলগ্ন মাহাবুব হোসেনের পুকুরে জাল টানতে গিয়ে জেলেদের জালে পিলারটি উঠে আসে। সংবাদ পেয়ে পুলিশ পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুকুর মালিকের ছেলে টুটুল (২৭) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাল টেনে মাছ ধরার সময় জালে জড়িয়ে মিসাইল আকৃতির সিমানা পিলারটি উঠে আসে। ঘটনা জানাজানি হলে এলাকার শত শত লোক এক নজর দেখার জন্য ছুটে আসে। খবর পেয়ে পুলিশ পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মিজান জানান, পিলারটির ওজন ১৮ কেজি ২৫০, উচ্চতা ২৬ ইঞ্চি, পরিধি ২১ ইঞ্চি, গায়ে ইংরেজিতে লেখা আছে- বিইটিআইসিইএসটিআইএনডিআইএ ১৮১৮ সন।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, সকালে একটি সিমানা পিলার/ম্যাগনেট পিলার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পিলারটি পুকুরের মধ্যে কোথা থেকে এসেছে তার তদন্ত শুরু হয়েছে।
ইত্তেফাক/উজ্জল