কক্সবাজারের পেকুয়ায় মীর কাশেম নামে এক ট্রাকচালককে মাঝ রাস্তায় কানধরে উঠবস করালেন পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
ট্রাকচালক মীর কাশেম বলেন, ‘আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের যাচ্ছিলাম। পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে পিছন থেকে ডাক দিয়ে থামায় এক লোক। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অজুহাতে আমাকে কানধরে উঠবস নির্দেশ দেয়। এতে আমি আপত্তি করলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কানধরিয়ে রাস্তার মাঝখানে উঠবস করান। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তফিজ ভূঁইয়া জানান, ওই এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল