রাজবাড়ীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

 
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
নিহতের নাম মো. মোয়াজ্জেম ফকির (৩২)। তিনি উপজেলার পাট্টা গ্রামের মো. আব্দুল মজিদ ফকিরের ছেলে। 
 
 
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বন গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তার নামে থানায় সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।
 
জানা যায়, বৃহস্পতিবার সকালে মোয়াজ্জেমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি বলেন, নাওরা বন গ্রামের বটতলা এলাকায় অবৈধ অস্ত্র রক্ষিত আছে। এরপর পুলিশ তাকে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করতে গেলে তার দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান