ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৬ শিশুসহ ৩৬ জন বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটককৃতরা ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা বাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল রহমান জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত টপকে বাংলাদেশে একদল নারী-পুরুষ ও শিশু প্রবেশ করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬ জন শিশু, ৭ জন মহিলা ও ২৩ জন পুরুষকে আটক করে।
পাচারকারীরা এসময় কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম