সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত 'নির্বাচন কমিশন: সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন' শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে জয়নাল আবেদীন ফারুক বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে আরেকটি রকিব মার্কা নির্বাচন কমিশন জাতিকে উপহার দিয়েছে। যাকে প্রধান করা হয়েছে তিনি আওয়ামী লীগ নেতা। তাকে দিয়ে ১০ম জাতীয় সংসদ নির্বাচন কখনও সম্ভব নয়।
রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি গঠন করে ছিলেন তাতে চার্জ ছিল না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
'বিএনপির মেরুদণ্ড ভেঙ্গে গেছে, তাদের দিয়ে আন্দোলন সম্ভব নয়' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উত্তরে ফারুক বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন, তার পরে দেখুন রাজপথ কাদের দখল থাকে।
আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ইত্তেফাক/রাফাত