‘ছিটমহলবাসীর মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা’

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলছেন, ‘আগামী তিন বছরের মধ্যে দেশের ১১১টি অবলুপ্ত ছিটমহলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে তাদের ৬৮ বছরের বঞ্চনা দূর হবে।’
 
শনিবার লালমনিরহাট জেলার বিলুপ্ত ভিতরকুটি বাশপচাই ছিটমহল পরিদর্শনে এসে মতবিনিয় সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘নতুন নির্বাচন কমিশন কেবল নির্বাচিত হয়েছেন। সকল দলের মতামতের ভিত্তিতেই সিএসিই নির্বাচন করা হয়েছে।’
 
মন্ত্রী বলেন, ‘২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। যে কারণে দেশের উন্নয়ন হয়নি। পরবর্তীতে ক্ষমতায় গিয়ে জননেত্রী শেখ হাসিনা জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন। এবং এসব বিষয় সমাধানে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ৬৮ বছর ধরে অবরুদ্ধ ছিটমহলবাসীকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।’
 
সভায় স্থানীয় সরকার প্রকৌশল দফতরেরর প্রধান প্রকৌশলী শ্যামা প্রাসাদ অধিকারি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী এক শ ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক কিলোমিটার দীর্ঘ ধরলা দ্বিতীয়সেতুর কাজ পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/সালেহ্