গরিব ঘরের ছেলে। দুমুঠো ভাত জুটেনা সময়মত। তার উপর আপেলের দোকানে এসে লোভ সংবরণ করতে পারেনি শিশু সাইদুল (১০)। সুযোগ বুঝে দোকানির অগোচরে একটি আপেল চুরি করে খেয়েছিল শিশুটি। শাস্তি হিসেবে দোকানি ও তার লোকজন রশি দিয়ে বেঁধে অমানসিক নির্যাতন চালায় তার উপর।
শনিবার বেলা দেড়টার দিকে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু সাইদুলকে উদ্ধার করে। সে উপজেলার জাকির মোড় এলাকার আব্দুল মিয়ার ছেলে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজম আলী সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি আপেলের দোকান সংলগ্ন সমজিদের গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদ সংলগ্ন হানিফের ফলের দোকান থেকে শিশু সাইদুল আপেলটি নিয়ে দৌড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ফলের দোকানি ও তার লোকজন শিশুটিকে ধাওয়া করে। এক পর্যায়ে নাইলনের দড়ি দিয়ে সমজিদের গ্রিলের সঙ্গে শিশু সাইদুলকে হাত-পা বেঁধে চরথাপ্পর দেয় ফল ব্যবসায়ী হানিফ ও তার লোকজন। হাটের দিন হওয়ায় অনেক মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করলেও শিশুটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।
গুরুদাসপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার মাহাতো বলেন, শিশুটি থানা হেফাজতে রয়েছে। শিশু সাইদুলের বাবা এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/সালেহ্