জিডি করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার সাথে কথা কাটাকাটির জের ধরে আড়াইহাজার থানার এক এএসআই’কে ক্লোজড করা হয়েছে। আড়াইহাজার থানার এএসআই শরিফুল ইসলামকে গত শুক্রবার রাতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা সাবেক জিএস আল-আমিনসহ আরও ৫/৬ জন রাতে থানায় জিডি করতে যান। এ সময় জিডি করা নিয়ে ডিউটি অফিসার শরিফুলের সাথে ছাত্রলীগ নেতা আল-আমিনের বাকবিতণ্ডা হয়। এই ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেয়ে শরিফুলকে ওই রাতেই ক্লোজড করে নেয়।
এএসআই এর ক্লোজডের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) আক্তার হোসেন বলেন, ঘটনার সময় আমি থানায় ছিলাম না। কে দোষী এখনই বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।