দলীয় সরকারের অধীনে ইসি নিরপেক্ষ থাকতে পারে না : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তখন নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারে না। 
 
শনিবার সকাল ১০টায় বসুরহাট পৌরমিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, আগামী নির্বাচন একদলীয় ভাবে করতে দেবে না দেশের জনগণ। গত ৫ই জানুয়ারি নির্বাচনে তারা একতরফাভাবে নির্বাচন করে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এটি সংবিধান ও গণতন্ত্রের জন্য ঠিক নয়। তাই আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। জনগণ যদি স্বাধীন ভাবে ভোট দিতে পারে তা হলে খুন, গুম, অত্যাচার, নির্যাতন ও বিনা বিচারে হত্যার জবাব আগামী নির্বাচনে দিবে। 
 
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কার্ডমার চেয়ারম্যান বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আহছান উল্যা মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, যুবদল সভাপতি আবদুল মতিন লিটন, সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সল, সম্পাদক জাহিদুর রহমান রাজন, ছাত্রদল নেতা আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম