আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

 
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে ট্রাক্টরের ধাক্কায় বৃষ্টি (৮) নামে শিশু কন্যা নিহত হয়েছে।
 
স্থানীয়রা জানায়, আদমদীঘির বাগবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের শিশু কন্যা ও ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্রী । বৃষ্টি গত শনিবার বিকালে স্কুল ছুটির পর পার্শ্বের দোকান থেকে খাবার কিনে রাস্তা পার হওয়ার সময় ছাতিয়ানগ্রাম থেকে  সান্তাহারগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলে সে মারা যায়।
 
স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ স্কুলে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বিক্ষুদ্ধ জনতা ৫-৭টি ট্রাক্টর ভাঙচুর করে। পরে জনতা ট্রাক্টর ও ট্রাক্টর চালক গোলাম মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
 
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/কাউছার