শিক্ষার্থীদের ভাল ফলাফল করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে।
নরসিংদীর শিবপুর উপজেলার ৭৩নং লালখাঁরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. বশিরুল ইসলাম (বশির) এ কথা বলেন।
২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে শুনে অত্যন্ত খুশির কথা জানালেন তিনি।
তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে এই কোমলমতি শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল করে এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। তিনি জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীদের নগদ ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন এবং বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করে দিবেন বলে ঘোষণা দেন।
বিদ্যালয়ের সভাপতি মো. আমজাদ হোসেন প্রধান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসা. হোসনা বেগমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ। পুরস্কার দাতা ভাই ভাই পোল্ট্রি ফিড মিলের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট ক্লাস্টার) মো. কবির হোসাইন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মাস্টার, সাবেক সভাপতি মো. ওয়াহেদ উল্লাহ্, যোশর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হেকিম, চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. কামরুজ্জামান, ভংগারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মাসুদ, সৃষ্টিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম